যাত্রাবাড়ীতে স্থানীয় বাড়িওয়ালা ও সুধীজনদের সাথে জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী দক্ষিণ থানার ৬১ নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় বাড়িওয়ালা ও বিশিষ্ট সুধীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্যাংকার জনাব সৈয়দ জয়নুল আবেদীন

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন সমাজ গঠনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ বিনির্মাণে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাড়িওয়ালাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার মাধ্যমে এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

৬১ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় এলাকার বিপুল সংখ্যক বাড়িওয়ালা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।